১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, করোনা সংকট মোকাবিলায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন করাই এই মুহূর্তে ১৪ দলের সবচেয়ে বড় কাজ। গতকাল বুধবার ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য জনগণকে সজাগ করা, সচেতন করা, বুঝানো গেলে এবং আজকের লকডাউন যে পর্যায়ে আছে তা সফলভাবে সম্পন্ন করা হলে করোনা বিস্তার রোধ সম্ভব হবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১৪ দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
১৪ দলের দায়িত্ব দেওয়ায় দলের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমির হোসেন আমু বলেন, ১৫ দল যখন সৃষ্টি হয়, তখন থেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। আমির হোসেন আমু জানান, কঠিন দিনগুলোতেও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, খালেদাবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। নতুন করে আবার পুরোনো দিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ১৪ দলের এই মুখপাত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ১৫ দল সৃষ্টি হয়েছিল। এখন যে ১৪ দল আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার প্রধান।
১৪ দলের সব নেতাকর্মীকে নিয়ে শেখ হাসিনার নির্দেশে কর্মসূচি পালন করার অঙ্গীকার ব্যক্ত করে আমির হোসেন আমু বলেন, অতীতে যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামের ডাক বাস্তবায়নে কাজ করেছি, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। তিনি জানান, ১৪ দলের সব নেতাকর্মীর সঙ্গে আলোচনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী যে দিকনির্দেশনা দেবেন তা বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য। সদ্য প্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, দীর্ঘদিন যাবত্ ১৪ দলের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার চেষ্টা করবেন তিনি। নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন আমির হোসেন আমু।