সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী বাবু (৬৪)। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। রাশীদ উন নবীর মেয়ে ফারাহ আনিকা অনন্যা জানিয়েছেন রাত সাড়ে ৮টার দিকে তার বাবা মারা যান। তাকে জন্মস্থান বগুড়ায় দাফন করা হবে।

১৯৭৪ সালে বগুড়ার দৈনিক বাংলাদেশ পত্রিকায় তার সাংবাদিকতার কর্মজীবন শুরু। পরে তিনি আজকের কাগজ, দৈনিক বাংলা, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, আমার দেশ, ইনকিলাব, বাংলার বাণী, দেশ বাংলায় কাজ করেছেন। দৈনিক সকালের খববের সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি এনটিভি ও চ্যানেল ওয়ানে বার্তা বিভাগের শীর্ষ পদেও কাজ করেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক  ফরিদা ইয়াসমীন শোক জানিয়েছেন।