মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রের সচেয়ে বড় হুমকি চীন। যে কোনোভাবেই হোক দেশটি বিশ্বের সুপারপাওয়ার হওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে এমন আশঙ্কার কথা জানান এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। খবর বিবিসি ও রয়টার্সের
এফবিআই প্রধান প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন। রে তার বক্তব্যে চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, তথ্য ও অর্থ সংক্রান্ত চৌর্যবৃত্তি, অবৈধ রাজনৈতিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ করতে উপঢৌকন ব্ল্যাকমেইলের চিত্র তুলে ধরেন। এ সময় চীনের বিষয়ে পালটা গোয়েন্দাগিরি শুরু হয়েছে বলেও জানান এফবিআই পরিচালক। তিনি বলেন, আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে, প্রতি ১০ ঘণ্টায় নতুন করে চীনের বিষয়ে পালটা গোয়েন্দাগিরি শুরু করছে এফবিআই। গোয়েন্দা প্রধান আরো বলেন, বর্তমানে দেশে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি বিষয়ে পালটা গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এফবিআই। এর মধ্যে প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত। তিনি জানান, বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের জোরপূর্বক সেসব দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এমনকি করোনা ভাইরাস নিয়ে মার্কিন গবেষণার সঙ্গেও যুক্ত হওয়ার চেষ্টা করেছিল বেইজিং।