সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরের ছবি পাওয়া গেলেও পুলিশ শনাক্ত করতে পারছে না। কারণ চোরের মুখে মাস্ক পরা। এ অবস্থায় পুলিশও পড়ে গেছে বিপদে। চোরকে শনাক্ত করতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। এর আগে গত ৩ মে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের ৪১৬, মনোয়ারা মেডিকল হলের দোকানের সার্টার ভেঙে মাস্ক পরিহিত দুই চোর ক্যাশবাক্স ও মূল্যবান ওষুধ লুট করে নিয়ে যায়। ঐ ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ তাদের শনাক্ত করতে পারেনি।
মিরপুর থানা পুলিশ জানায়, দক্ষিণ পীরেরবাগ এলাকার বাসার নিচতলায় রাখা ছিল একটি সাদা রঙের রানার নাইট রাইডার মোটরসাইকেল। গত ২৮ জুন সন্ধ্যা ৬টার আগে দক্ষিণ পীরেরবাগের ১৫১/২/ই নম্বর বাসায় চুরির এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল-২০-১৬১৫। ভিডিও ফুটেজে দেখা যায়, কালো রঙের টি-শার্ট, সাদা হাফপ্যান্ট, পায়ে সাদা স্লিপার ও মুখে মাস্ক পরা এক যুবক হেঁটে হেঁটে ভবনের দিকে আসছে। অপর একটি ফুটেজে তাকে সাদা হেলমেট পরে মোটরসাইকেলটি নিয়ে চলে যেতে দেখা যায়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই যুবকের নাম-ঠিকানা জানতে চায় পুলিশ। তাই কেউ তার সন্ধান পেলে মিরপুর থানায় (ওসি-০১৭১৩৩৭৩১৮৯) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গতকাল চোরের ছবি প্রকাশ করে তার পরিচয় জানতে চেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। গত ৭ জুন দৈনিক ইত্তেফাকে ‘করোনার সুযোগে মাস্ক পরে চুরি, ভিডিও ফুটেজ থাকলেও শনাক্ত হচ্ছে না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।