ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের দিন

স্পোর্টস রিপোর্টার

স্কোরকার্ডই বলে দিচ্ছে সব কথা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত রানের পাহাড় গড়েছে। ডিক্লেয়ার করার আগে তারা সাত উইকেট হারিয়ে করে ৬২২ রান। জবাব দিতে নেমে ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪ রান। ভারতের চেয়ে এখনো ৫৯৮ রানে পিছিয়ে আছে তারা।

সিডনিতে ভারতের হিসেবটা পরিষ্কার। হয় জয়, না হয় ড্র- এর কোনোটা হলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। আর এই অনন্য ইতিহাস গড়ার মঞ্চটা দ্বিতীয় দিন বেশ ভালভাবেই গড়া হয়ে গেল।

গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩০৩ রান করেছিল ভারত। উইকেটে ছিলেন পুজারা ও বিহারী। দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য বিহারীকে ফিরিয়ে দেন লায়ন। এদিন মাত্র আর তিন রানই করতে পারেন বিহারী (৪২)। পুজারা ও বিহারীর জুটিটি ছিল ১০১ রানের।

আগের দিনই সেঞ্চুরে গড়ে ফেলা পুজারার পাশে এসে এসে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। দুজন মিলে দারুণ লড়াই চালিয়ে যান। পান্ত এগিয়ে যান সেঞ্চুরির দিকে। আর পুজারা ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু যখন মনে হচ্ছিল পুজারার চতুর্থ ডাবল সেঞ্চুরিটা শুধুমাত্র সময়ের ব্যাপার, তখনই হতাশ করলেন এই ব্যাটসম্যান। লায়নের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। পুজারা-পান্তের জুটি থেমে যায় ৮৯ রানে।

পুজারার ১৯৩ রানের ইনিংসটিও ছিল টেস্ট ক্রিকেটের একটি ধ্রুপদী ইনিংস। ৩৭৩টি বল মোকাবেলা করেছেন তিনি এই ইনিংসের পথে। মেরেছেন ২২টি চার। মানে বাউন্ডারি থেকে এসেছে ৮৮ রান। ডাবল সেঞ্চুরি না হলেও, অনন্য একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

সিডনিতে ৩৭৩ বল খেলেছেন পুজারা। চলতি সিরিজের চার টেস্ট মিলিয়ে এখন পর্যন্ত মোকাবেলা করেছেন এক হাজার ২৫৭টি ডেলিভারি। অস্ট্রেলিয়ার মাটিতে এটা যেকোনো সফরকারী ব্যাটসম্যানের এক সিরিজে সবচেয়ে বেশি ডেলিভারি খেলার রেকর্ড। ৯০ বছর আগে ১৯২৮-২৯ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ খেলেছিলেন এক হাজার ২৩৭টি ডেলিভারি।

এদিকে এদিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন পান্ত। ১৮৯ বলে অপরাজিত ১৫৯ রানের ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ১৫টি চারের মার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি পেয়েছেন পান্ত। দক্ষিণ এশিয়ার বাইরেও এটা কোনো এশিয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যানেরও সেরা ইনিংস। গেল দুই বছর এই রেকর্ডটি ছিল বাংলাদেশের মুশফিকুর রহিমের দখলে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে মুশফিক আউট হন ১৫৯ রানে। গতকাল অপরাজিত থাকার সুবাদে মুশফিককে ছাড়িয়ে যান পান্ত।

অস্ট্রেলিয়ার হয়ে ১৭৮ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অফস্পিনার নাথান লিও। এছাড়া দুই পেসার জশ হ্যাজেলউড দুটি ও মিশেল স্টার্ক একটি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দলকে আর কতদূর টেনে নিয়ে যেতে পারেন তৃতীয় দিনে, এখন সেটাই দেখার ব্যাপার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ১৬৭.২ ওভারে ৬২২/৭ ডিক্লেয়ার (মায়াঙ্ক ৭৭, লোকেশ ৯, পুজারা ১৯৩, কোহলি ২৩, রাহানে ১৮, বিহারী ৪২, পান্ত ১৫৯*, জাদেজা ৮১; স্টার্ক ১/১২৩, হ্যাজেলউড ১০৫/২, কামিন্স ০/১০১, লিঁও ৪/১৭৮)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে) ১০ ওভারে ২৪ ১০ ওভার (হ্যারিস ১৯*, খাজা ৫*; শামি ০/৯, বুমরাহ ০/১২, জাদেজা ০/১, কুলদীপ ০/২)।