২০১৮ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নতুন বছরের শুরুতেই গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে ভীষণ খুশি ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ জয়ী দুই ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রিজমান ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো পুরস্কারটি জেতেন পর্তুগিজ ফরোয়ার্ড। বৃহস্পতিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালের পর থেকে মোট পাঁচবার পুরস্কারটি জিতলেন তিনি। বছরের সেরা এজেন্টের পুরস্কার জয়ী জর্জ মেন্দেজ ও পরিবারের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ভালোলাগার কথা জানিয়ে রোনালদো বলেন,‘এর চেয়ে ভালো আর কিভাবে নতুন বছর শুরু করা যায়। আজ আমি যে প্রশংসা ও ভালোবাসা পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ।’