আগামী ১৫ জুলাই শেষকৃত্য সম্পন্ন করা হবে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের। অপেক্ষা ছিল এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক দেশে ফেরার। গতকাল সকাল ৭টায় রাজশাহীতে পৌঁছায় সে। এখন মেয়ে সঙ্গার জন্য অপেক্ষা। তার ১৩ জুলাই দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ জুলাই পৌঁছাবেন তিনি। ৯ জুলাই দুপুরে এ কথা বলেন প্রয়াত গায়কের ভগ্নিপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস। তিনি আরো জানান, এন্ড্রু কিশোরের শেষকৃত্য এখন পর্যন্ত ১৫ জুলাই চূড়ান্ত রয়েছে। উল্লেখ্য, এন্ড্রু কিশোরের মেয়ে সঙ্গা ও ছেলে সপ্তক অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। সঙ্গার পড়াশোনা প্রায় শেষের দিকে। তার স্ত্রী লিপিকা এন্ড্রু একজন চিকিত্সক। প্লেব্যাক সম্রাট খ্যাত কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর গত ৬ জুলাই সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান। তার মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী রাজশাহীতেই তাকে সমাহিত করা হবে।