ভারতের উত্তর প্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় জড়িত কুখ্যাত সন্ত্রাসী বিকাশ দুবেকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ ঘটনার পর পাঁচ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন দুবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজ্যটির উজ্জয়িনি এলাকার মহাকাল মন্দির থেকে প্রার্থনা সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। সড়কপথে প্রায় ৭০০ কিলোমিটার ভ্রমণ করে উজ্জয়িনিতে এসেছিলেন দুবে। তার আগে পাঁচ দিন ধরে ভারতের চারটি রাজ্যজুড়ে তাকে তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে উত্তর প্রদেশের কানপুরে ৬০ মামলার আসামি বিকাশকে ধরতে তার গ্রামে যায় পুলিশের একটি দল। গ্রামে ঢোকার মুখে তিন দিক থেকে তাদের ওপর গুলি শুরু করে বিকাশের বাহিনী। এতে এক জন ডেপুটি পুলিশ সুপারসহ আট পুলিশ সদস্য নিহত হন।
উজ্জয়িনির একটি দোকান থেকে পূজারসামগ্রী কেনার সময় দোকানদার তাকে চিনে ফেলেন। তিনিই মন্দিদের নিরাপত্তা রক্ষীদের সতর্ক করে দেন। পূজা সেরে দুবে মন্দির থেকে বের হওয়ার সময় রক্ষীরা তার পরিচয় জিজ্ঞেস করে। সে ভুয়া একটি পরিচয়পত্র দেখায়। রক্ষীদের সঙ্গে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
বুধবার দুবেকে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের একটি হোটেলে দেখা গিয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ফরিদাবাদ থেকে রাজস্থানের কোটায় যায় দুবে, সেখান থেকে উজ্জয়িনিতে যায়। এ সময় তার সঙ্গে দুই সহযোগী ও তার নিজের গাড়ি ছিল বলে জানিয়েছে তারা। কানপুরে দুবের গ্রাম বিকারুতে পুলিশের ওপর হামলার পর থেকে পুলিশের এনকাউন্টারে তার তিন সহযোগী নিহত হয়েছে। বিকারু গ্রাম যে থানার অধীনে তার প্রধান কর্মকর্তাকে দুবের সঙ্গে সংযোগ আছে সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।