সৌদির কাছে পুনরায় অস্ত্র বিক্রি করবে যুক্তরাজ্য

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে গত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এর দুই দিন পর বুধবার জানা গেছে, সেই সৌদি আরবের কাছে পুনরায় অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে দেশটি। এসব অস্ত্র ইয়েমেন সংঘাতে ব্যবহার হওয়ার আশঙ্কাও রয়েছে।

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা হবে কি না, এই বিষয়টি ব্রিটেনের আদালত পর্যন্ত গড়ায়। এক বছর আগে যুক্তরাজ্যের আপিল কোর্ট সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি অবৈধ বলে রায় দেয়। আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ওই অস্ত্র বেসামরিক নাগরিকদের হতাহতে কতটা ঝুঁকিতে ফেলবে, তার সঠিক মূল্যায়ন প্রতিবেদন দিতে পারেননি মন্ত্রী। আদালতের আদেশ সত্ত্বেও সৌদি সরকারের সঙ্গে আবারও অস্ত্র ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সরকার। খবর গার্ডিয়ানের।

বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস এক লিখিত বিবৃতিতে বলেন, ইয়েমেনে বিমান হামলায় মানবাধিকার আইন লঙ্ঘিত হওয়া ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উঠে এসেছে একটি সরকারি পর্যালোচনায়। ওই পর্যালোচনার পরই অস্ত্র বিক্রি পুনরায় শুরুর কথাবার্তা চালু হয়। তার মতে, আদালতের দেওয়া শর্ত গত জুনের মধ্যে পূরণ করেছে সরকার। তবে ইয়েমেনে ব্যবহূত হতে পারে এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের কাছে বিক্রি করতে নতুন কোনো লাইসেন্স মঞ্জুর না করতে একমত হয়েছে ব্রিটিশ সরকার।