করোনা ভাইরাস মহামারি-পরবর্তী প্রভাব ও সংকট মোকাবিলায় শিশুদের খাদ্য নিশ্চিতে নবজাতক ও শিশুখাদ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করেছিল সরকার; কিন্তু গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এসব শিথিলতা প্রত্যাহার করেছে।
জানা গেছে, শিশুখাদ্য সরবরাহ নিশ্চিতে এসব খাদ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করে গত ১১ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল; কিন্তু ৭ জুলাই আরো একটি বিজ্ঞপ্তি দিয়ে সে শিথিলতা প্রত্যাহার করা হয়েছে। তাই এখন নবজাতক ও শিশুখাদ্য আমদানিতে অন্যান্য শর্ত মানার পাশাপাশি আগের মতোই নিচের শর্তগুলো মানতে হবে।
শর্তগুলো হচ্ছে—আমদানিকৃত ননীযুক্ত দুগ্ধজাত খাদ্য ও শিশুখাদ্য টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বাক্সের ওপর দৃশ্যমান স্থানে ‘মায়ের দুধের বিকল্প নেই’ কথাটি বাংলায় সুস্পষ্টভাবে ও অপেক্ষাকৃত বড় হরফে লিখে রাখতে হবে।
মিল্ক ফুডের টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বাক্সের ওপর দুধের উপাদান এবং বিভিন্ন উপকরণের আনুপাতিক হার বাংলায় লেখা থাকতে হবে। প্রতিটি টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বাক্সের গায়ে মিল্ক ফুডের প্রকৃত ওজন (নেট ওয়েট) বাংলা বা ইংরেজিতে লিখে রাখতে হবে। পাশাপশি দুগ্ধ ও দুগ্ধজাত শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট অক্ষরে প্রতিটি টিন বা টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বাক্সের গায়ে উল্লেখ থাকতে হবে। এছাড়া আমদানি নীতি অনুয়ায়ী অন্যান্য শর্তও মেনে চলতে হবে।