রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ‘এমভি ময়ূর-২’ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদকে (৩৩) বুধবার রাতে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। ছোয়াদ ময়ূর লঞ্চ পরিচালনাকারী প্রতিষ্ঠান সী হর্স করপোরেশনের চেয়ারম্যান। গতকাল ছোয়াদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ‘এমভি ময়ূর-২’ এর মালিক মোসাদ্দেক ছোয়াদকে গ্রেফতার করে সদরঘাট নৌ-পুলিশের একটি দল। নৌ-পুলিশের এসপি (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম বলেন, দুই আসামি গ্রেফতার হয়েছে। বাকি পাঁচ আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তারা শিগিগরই গ্রেফতার হবে।
গত ২৯ জুনের মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে নৌ-পুলিশ।