ঝিনাইদহের শৈলকুপার গ্রামে খালের পানিতে জলকেলিতে লিপ্ত হচ্ছে কয়েক জোড়া সাপ। এ দৃশ্য বিরল। শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে সপ্তাহখানেক ধরে জোড়ায় জোড়ায় সাপ জলকেলিতে লিপ্ত হচ্ছে। এতে মানুষ ঐ খালের পাড়ের জমিতে যেতে ভয় পাচ্ছে। এ গ্রামের এক পাশ দিয়ে গেছে খাল। খালের দুপাড় জঙ্গলে পরিপূর্ণ। গ্রামবাসী ফিরোজ হোসেন জানান, দুপুরের দিকে জঙ্গল থেকে সাপ বের হয়ে জোড়া বেঁধে জলকেলিতে লিপ্ত হচ্ছে। পানিতে দেড়-দুুই ফুট উঁচু ফনা তুলে খেলতে থাকে, হিস হিস শব্দ করে। কয়েক ঘণ্টা ধরে তারা জলকেলি করে। তারপর জঙ্গলে ঢুকে যায়। সাপ একই জায়গায় পানিতে জলকেলিতে লিপ্ত হচ্ছে। আকামউদ্দিন জানান, এছাড়াও গ্রামে ডাঙ্গায় জঙ্গলের ধারে সাপে শঙ্খ ধরছে। পুরুষ ও মেয়ে সাপের মিলনকে গ্রামের মানুষ শঙ্খ ধরা বলে থাকে। কয়েক ঘণ্টা ধরে খেলা করে। মানুষ দূরে দাঁড়িয়ে দেখছে। ঐ এলাকায় মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছে চাষিরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের শৈলকুপা উপজেলা কর্মকর্তা ডা. মো. মামুন খান জানান, বর্ষাকাল সাপের প্রজনন সময়। এ সময় সাপের শরীরে হরমনের পরিবর্তন হয়। দৈহিক মিলনের জন্য সাথি খোঁজে। সাথি পেলে মিলনে লিপ্ত হয়। লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় পানি ও ডাঙ্গায় তারা মিলনে লিপ্ত হয়। এ সময় সাপ হিংস্র হয়। বিরক্ত করলে ছুটে এসে কামড়ে দেয়। তিনি সাপ থেকে দূরে থাকতে গ্রামবাসীকে পরামর্শ দেন।