কচুয়ায় ২৫ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

২৫ দিন পেরিয়ে গেলেও কচুয়ায় খোঁজ মেলেনি ব্যবসায়ী তাফাজ্জল হোসেনের। উপজেলার দারাশাহী তুলপাই বাজারের মুরগি দোকানদার ও ফার্মের মালিক দোঘর গ্রামের বাসিন্দা তাফাজ্জল হোসেন গত ১৫ জুন ব্যবসার কাজ শেষে আর বাড়ি ফেরেননি। তার স্ত্রী পারুল বেগম ২২ জুন কচুয়া থানায় এ বিষয়ে একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, তাফাজ্জল হোসেন দারাশাহী তুলপাই গ্রামের গোলাফ শাহ নির্মাণাধীন ফার্ম ভাড়া নিয়ে ব্যবসার কাজ পরিচালনা করে আসছেন। কয়েক মাস যাবত্ ভাড়া পরিশোধ করতে না পারায় মালিক গোলাফ শাহ টাকার জন্য চাপ দিচ্ছিল। পারুল বেগম জানান, কোথাও স্বামীর সন্ধান না পেয়ে ২২ জুন কচুয়া থানায় জিডি করি। কচুয়া থানার ওসি ওয়ালিউল্লাহ বলেন, নিখোঁজ ব্যবসায়ী তাফাজ্জল হোসেনের স্ত্রী ২২ জুন থানায় একটি জিডি করেছেন। তার স্বামীর সন্ধানে পুলিশ তত্পরতা চালাচ্ছে।