জয়পুরহাটে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

জেলার ক্ষেতলাল বটতলী বাজারে বিকাশ এজেন্ট দোকানে ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।

বটতলী বাজারের নিউ আশিক-মিমি সুপার মার্কেটের মেসার্স ফাতেমা ট্রেডার্সের মালিক স্থানীয় বিকাশ এজেন্ট রবিউল ইসলামের দোকানে বুধবার সন্ধ্যায় ছিনতাই করার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। এ সময় দেশীয় অস্ত্র হাসুয়া, ডেগার ও চাকু-ছোড়া, মোবাইল সেট তিনটি, নগদ ১ হাজার টাকা, হেলমেট জব্দ করা হয়।

র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে। এ ব্যাপারে মেসার্স ফাতেমা ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছেন।