পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শান্তি রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্তি রানী ওই গ্রামের অধর চন্দ্র বর্মনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের একটি পুকুরে শান্তি রানীর একটি ছাগল পড়েছিল। ছাগলটিকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদীতে বিদ্যুত্স্পৃষ্টে
তরুণের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে শিহাব (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসলাম মালিথার ছেলে শিহাব নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তারে জড়ালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিহাবকে ঈশ্বরদী হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডা.সাকিব হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিহাবের মৃত্যু হয়েছিল।