ক্রমাগত বন উজাড়, পাহাড় ও বৃক্ষ নিধন, হাতির আবাসস্থল ধ্বংস, বন্যপ্রাণীর খাদ্য সংকটের কারণে বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষতিসাধন করছে। বনের কাছাকাছি জনবসতির ঘরবাড়ি ক্ষতির পাশাপাশি মানুষের সঙ্গে দ্বন্দ্বে মারা যাচ্ছে কখনো বন্য হাতি কিংবা মানুষ। এভাবে বন্য হাতির সংখ্যা সীমিত হয়ে আসছে এবং হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গণমাধ্যমে হাতি হত্যার খবর বেশ আলোচিত—গত ১০ মাসে ১৩টির বেশি হাতি হত্যার খবর পাওয়া গেছে। যার মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগ এবং পাশ্ববর্তী বান্দরবানের লামা বন বিভাগের চকরিয়া-লামা সীমান্তের সংরক্ষিত বনাঞ্চল। বিদ্যুতের তারে জড়ানো ও বিভিন্ন কায়দায় ফাঁদ পেতে হাতিকে হত্যা করা হচ্ছে। যা খুবই উদ্বেগজনক। এ অবস্থায়, হাতির আবাসস্থলে মানুষের বিচরণ বন্ধ ও বনে খাদ্য সংকট নিরসনে খাদ্য উপযোগী বাগান সৃজন তথা হাতির অভয়ারণ্য গড়ে তোলার জন্য বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সাইমুন
শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম