বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। করোনাকালে নীরবে-নিভৃতে বিয়ের পিঁড়িতে বসেছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের স্ট্রাইক বোলার রাহী। গত বুধবার সিলেটের এই ক্রিকেটারের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
খবরটি সবার নজরে আসে বিসিবি পরিচালক শফিউল আলম নাদেলের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে। বিয়ের খবরটি জানানোর পাশাপাশি বর বেশে থাকা রাহীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন নাদেল।
বিসিবির এই পরিচালক গতকাল লিখেছেন, ‘আবু জায়েদ চৌধুরী রাহী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। রাহীর এই শুভক্ষণে।’
পারিবারিকভাবে বিয়ের কাজ শেষ করায় রাহীর স্ত্রী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে নববধূর সঙ্গে ডানহাতি এই পেসারের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।