সাম্প্রতিক সময়ে বোলিংয়ের অবস্থা তার খুবই খারাপ। তবে ব্যাট হাতে সর্বশেষ অ্যাডিলেড টেস্টে করেছেন সেঞ্চুরি। স্পিনার ইয়াসির শাহ বলছেন, তিনি ব্যাটিং নিয়ে আরো কাজ করছেন। ইংল্যান্ডের মাটিতেও সেঞ্চুরি পেতে চান।
পাকিস্তান দল লম্বা সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে আছে। সেখানে ‘আইসোলেশন’ পর্ব কাটাচ্ছে তারা। এরপর অনুশীলন শেষে শুরু হবে সিরিজ। প্রথমে পাকিস্তান দল ২৬ আগস্ট লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ ও ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা। এই সফরে ব্যাটে ভালো করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইয়াসির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেটে ব্যাটিং নিয়ে কাজ করছি। দলের প্রয়োজন হলে সব জায়গাতেই এগিয়ে আসতে হয়। সত্যি বলতে, ইংল্যান্ডে সেঞ্চুরি করার লক্ষ্য আছে আমার। যদি অ্যাডিলেইডে সেঞ্চুরি করতে পারি, তাহলে এখানেও পারব।’
তার মূল দায়িত্ব নিয়ে অবশ্য দলের দুর্ভাবনার জায়গা আছে যথেষ্টই। অ্যাডিলেডে যে টেস্টে সেঞ্চুরি করেছেন, সেই ম্যাচেই বল হাতে ১৯৭ রান দিয়েছিলেন উইকেটশূন্য। তার আগের টেস্টে ব্রিজবেনে ৪ উইকেট নিতে খরচ হয়েছিল ২০৫ রান। অস্ট্রেলিয়া সফরের আগে দক্ষিণ আফ্রিকায় ২ টেস্টে নিতে পেরেছিলেন মোটে ১ উইকেট। অস্ট্রেলিয়া সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ছিলেন বিবর্ণ।
অথচ ২০১৪ সালে অভিষেকের পর থেকেই লেগ স্পিনের মায়াজালে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন ইয়াসির। ৮২ বছরের রেকর্ড ভেঙে গড়েছেন টেস্টে দ্রুততম ২০০ উইকেটের কীর্তি। ২০১৮ সালে ঐ মাইলফলক ছোঁয়ার পর থেকেই যেন কমে গেছে তার ধার। ভুগিয়েছে তাকে চোটও।
এই সময়টায় ব্যর্থতার একটা বড় কারণ, গুগলির কার্যকারিতা কমে যাওয়া। এজন্যই অনেক খেটেছেন বলে জানালেন তিনি। এবার ইংল্যান্ড সফরে স্পিন কোচ হিসেবে পেয়েছেন সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে, গুগলিতে তিনি ছিলেন ‘মাস্টার’।
ইয়াসির জানালেন, গুগলি ঝালাই করে নিয়েছেন তিনি, ‘আমার গুগলি খুব ভালো হচ্ছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচে সবকটি গুগলি ভালো জায়গায় পিচ করেছে ও ভালো টার্ন করেছে। আমার মনে হয়, এটিই হবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কাউন্টি ক্রিকেটে দলগুলো স্পিনারদের দলে টানে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কারণ এই তিন মাসে উইকেট শুষ্ক থাকে এবং স্পিনারদের জন্য সহায়তা থাকে। আমি আশাবাদী যে উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাবে।’