মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য পোড়ানোর পর অপসারণ করা হয়েছে। জন্মভূমি স্লোভেনিয়াতেই তার ভাস্কর্য পোড়ানো হয়। কে বা কারা আগুন দিয়েছে সেই ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি। খবর সিএনএনের
গত ৪ জুলাই এ ঘটনা ঘটে। ঐ দিন ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দিবসটি উদ্যাপনের মধ্যেই কাঠের তৈরি মেলানিয়ার ভাস্কর্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। জার্মানির বার্লিনে বসবাসরত ব্রাউন ডাউনি এক মার্কিন স্থপতি এ ভাস্কর্য তৈরি করেছিলেন। তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। কাঠের ভাস্কর্যটি পুড়ে কালো হয়ে যায়। পরের দিন ঘটনা জানার পরই ভাস্কর্যটি সরিয়ে নেয় পুলিশ। ব্রাউন ডাউনি বলেন, আমি জানতে চাই ওরা এটা কেন করেছে। ডাউনি বলেছেন, তিনি কেবল হামলাকারীদের নাম জানতে চান। তাদের শাস্তি চান না। কারণ কেউ কোনো জিনিস পছন্দ নাই করতে পারেন। ওয়াশিংটন কিংবা মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্লোভেনিয়ার পুলিশ তদন্ত শেষ না করা পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানিয়েছে।