যশোরের মণিরামপুরে দিনদুপুরে রফিকুল ইসলাম ওরফে রফি (৫৩) নামের এক হত্যা মামলার আসামিকে গুলি করে ও গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রফি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকাশ কুমার সাহা হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত রফি এক সময় নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। পরে তিনি নিষিদ্ধ দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন। মৃত্যুর আগে তিনি ইজিবাইক চালিয়ে জীবিকানির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে মণিরামপুরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মরদেহের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করে পুলিশ।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটাল পুলিশ তা খতিয়ে দেখছে। নিহত রফিকের নামে থানায় একাধিক মামলা রয়েছে।