নদীভাঙন এলাকায় পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প নেওয়া হবে ----পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারা দেশের নদনদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গরিব দুঃখী মানুষের পাশে রয়েছেন সব সময় এবং থাকবেন। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের বঙ্গবন্ধুু সেতুপূর্ব দ্বিতীয় রক্ষা গাইডবাঁধের বেলটিয়াবাড়ি যমুনা নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

তিনি আরো বলেন, বেলটিয়া গ্রামে নদীভাঙনে ঘরবাড়ি হারা নোপরিবারের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। নদীর পানি শুকিয়ে গেলে ড্রেজিংয়ের বালি দিয়ে ভরাট করে যার যেখানে ঘরবাড়ি ছিল সেগুলো সরকারি উদ্যোগে সেখানেই নির্মাণ করে দেওয়া হবে। পরে উপমন্ত্রী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু রক্ষা দ্বিতীয় গাইডবাঁধে ভাঙন দেখা দেয়। এতে ভেঙে যায় বাঁধের ১৫০ মিটার। অর্ধশতাধিক ঘরবাড়ি নদী গর্ভে চলে যায়।