দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে এখন মেয়ের অপেক্ষা

বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুর পর তার ছেলে জুনিয়র এন্ড্রু সপ্তক অস্ট্রেলিয়া থেকে বুধবার রাতে ঢাকায় এবং বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে ফিরেছেন। এখন চলছে মেয়ে মিনিম এন্ড্রু সজ্ঞার জন্য অপেক্ষা। তিনিও আছেন অস্ট্রেলিয়ায়। আগামী ১৩ জুলাই রাতে তার ঢাকা এবং ১৪ জুলাই রাজশাহীতে ফেরার কথা রয়েছে। তারা ভাইবোন দুই জনেই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। এন্ড্রু কিশোরের বড় বোন ডা. শিখা বিশ্বাসের স্বামী, ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, সজ্ঞা ফেরার পর ১৫ জুলাই এন্ড্রু কিশোরের সত্কারের সম্ভাব্য দিন ধার্য রাখা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরে ছিলেন চিকিত্সার জন্য। কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিত্সার পরও দ্বিতীয় দফায় তার দেহে ক্যানসার বাসা বাঁধে। ফলে চিকিত্সকরা হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় গত ১১ জুন। এরপর থেকে রাজশাহীতে তিনি বোনের বাসায় ছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় এখানেই উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ১৫ জুলাই সকাল সাড়ে ৯টায় মরদেহ সিটি চার্চে নিয়ে ধর্মীয় আচার শুরু হবে। এন্ড্রু কিশোরের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে তার শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর এন্ড্রুর মরদেহ রাজশাহী কলেজে রাখা হবে। সেখানেও ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। শ্রদ্ধা শেষে বেলা সাড়ে ৩টায় এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী সার্কিট হাউজ ও কেন্দ্রীয় কারাগারের পেছনে সমাধিস্থলে নেওয়া হবে। সেখানেই শিল্পীর পছন্দ করা জায়গায় তাকে সমাহিত করা হবে। এখানে কিশোরের বাবা-মায়েরও সমাধি রয়েছে।