বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলেন সেলিম ভুঁইয়া

তিতাসের অতি পরিচিত মুখ মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গৌরীপুর-হোমনা সড়কের কলাকান্দির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অব্যাহতি নেন তিনি। সেলিম ভূঁইয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা জাসাসের সভাপতি পদে ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ২০ বছর আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে আমার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। তিনি এক প্রশ্নের জবাবে জানান, দলীয় সব পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদনপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার দলীয় পরিচয় ছাড়াও তিনি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।