বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চিকিত্সার সময় করোনা ভাইরাস বাতাসে ছড়াতে পারে। গতকাল সংস্থাটি জানিয়েছে, কিছু ক্ষেত্রে আবদ্ধ ঘরে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে। ড্রপলেট ও বাতাসের সমন্বয়ে এটা ছড়াচ্ছে। বিশেষ করে রেস্টুরেন্ট ও ফিটনেস ক্লাসে। খবর রয়টার্সের
গত মঙ্গলবার ডব্লিউএইচও স্বীকার করে যে, বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়ায়। এর আগে বিশ্বের ২৩৯ জন বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে এই বিষয়টি স্বীকার করে নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানান। এদিকে সংস্থাটি করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনায় একটি স্বাধীন প্যানেল গঠন করেছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রো আডহানোম গেব্রেয়েসিয়াস গতকাল ১৯৪ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জানান, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট এলেনজনসন সারলিফ প্যানেলের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন।