করোনায় সাহেদের বাবার মৃত্যু

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের বাবা সিরাজুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর মহাখালীতে ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (বিলুপ্ত আয়েশা মেমোরিয়াল) চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, নিউমোনিয়াসহ নানা জটিলতায় সংকটাপন্ন ছিলেন সিরাজুল ইসলাম। করোনা সংক্রমিতও ছিলেন। গত ৪ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করান সাহেদ। যেদিন (৬ জুলাই) রিজেন্টে র্যাব অভিযান চালায় সেদিন রাতেও তিনি ফোন করে তার বাবার খোঁজ নেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ওই পরিবারের কাউকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তার আত্মীয়ের পরিচয় পাওয়া যায়। তাদের কেউ এসে হাসপাতাল থেকে সিরাজুল ইসলামের মরদেহ গ্রহণ করেছেন।