অভিনয়ে ফেরার তৃষ্ণা জমে ছিল:ঊর্মিলা

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের প্রভাবে গত ঈদে নাটকের শুটিং হয়নি তেমন। আগে শুটিং করা বা পুরনো নাটক দিয়েই টিভি চ্যানেলগুলো ঈদ আয়োজন সাজিয়েছে। তবে এবারের চিত্রটা অনেকটাই আগের বছরের মতো হবে। যদিও সবাই এখনো শুটিংয়ে ফেরেননি অনেকে। তবে ঈদের নাটকের শুটিং হচ্ছে নিয়মিতই। জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কর ঊর্মিলা এবার ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘অনেকদিন শুটিংয়ে যাইনি। অভিনয়ে ফেরার তৃষ্ণা জমে ছিল। আবারো কাজে ফিরলাম। সর্বোচ্চ নিরাপত্তা ঠিক রেখেই কাজ করছি। আশা করি এবার ঈদে দর্শকদের সময়টা ভালো কাটবে।’

সম্প্রতি তিনি শেষ করেছেন বর্ণ নাথের ‘সুক্কুর ইজ এ গুড বয়’, রিংকু রাফাতের ‘বড় লোকের বেটি’, মাহমুদুল হাসান রানার ‘ব্যাচেলর বাবু’, আদিবাসী মিজানের ‘মেষ রাশি’, ‘চড়া তালুকদার’, ‘তিন দ্বৈত্য’, ও ‘মা মরলে বাপ তালই’ নাটকগুলো।

এছাড়াও কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিং করেন তিনি। এটি নির্মাণ করছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপনে কাজের ব্যাপারে ঊর্মিলা বলেন, ‘অমিতাভ রেজা চৌধুরী একজন মেধাবী নির্মাতা। তার সঙ্গে কাজ করাটা আনন্দের। কাজটি খুব ভালো হয়েছে। শিগগিরই এটি প্রচারে আসবে, আশা করি দর্শকরা খুব পছন্দ করবেন।’ এছাড়া রুমান রুনির পরিচালনায় একটি নাটকের কাজ করছেন তিনি। ঈদের জন্য আরো কয়েকটি নাটকের শিডিউল দিয়েছেন বলে জানান ঊর্মিলা।