শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে বন্যাকবলিত ও নদীভাঙন এলাকায় চাল, ডাল ও লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের বন্যা ও নদীভাঙনকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করে প্রশাসন। এসময় ক্ষতিগ্রস্ত ৬৮ পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার তেল ও ৫০০ গ্রাম নুডুলস বিতরণ করা হয়। এ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন জানায়।
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বন্দরখোলা ইউনিয়নের সেক্টর কমান্ডার খায়রুজ্জামান খান, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এ এলাকার নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ৃব্যবস্থা নেওয়ার জন্য করণীয় বিষয় নিয়ে আমি চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর সঙ্গে পরামর্শ করব।