পানি বৃদ্ধিতে বিলাঞ্চলের বিদ্যুত্ লাইন বিপজ্জনক

সতর্ক করল বিদ্যুত্ বিভাগ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চলনবিল অঞ্চলে বর্ষা মৌসুমে বন্যায় বৈদ্যুতিক খুঁটিগুলো অনেকটা পানির নিচে তলিয়ে যায়। ফলে বৈদ্যুতিক তার পানির কাছাকাছি চলে আসে। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও যাত্রী নিয়ে নৌযানগুলো দুর্ঘটনার কবলে পড়ে। তাই পাবনা পল্লী বিদ্যুত্ সমিতির আওতাধীন বিল এলাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে সতর্কীকরণ সাইনবোর্ড টানানোসহ মাইকিং করা হয়েছে। গত ১৪ দিন ধরে বিভিন্ন স্থানে এই সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ উপজেলার বেশির ভাগ এলাকা চলনবিল অঞ্চলের অন্তর্গত। এসব চিহ্নিত স্থানে লাল নিশান টাঙানো, জনপ্রতিনিধি ও নৌকার মাঝিদের সঙ্গে মতবিনিময় করে তাদের দুর্ঘটনা এড়িয়ে চলার বিষয়টি অবগত করে সতর্ক করা, মাইকিং করা ও জনগুরুত্বপূর্ণ দৃশ্যমান স্থান সমূহে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়েছে। এরইমধ্যে বিলাঞ্চলের কৃষিকাজে ব্যবহূত সেচ পাম্পগুলোর লাইন বিছিন্ন করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পাবনা পল্লী বিদ্যুত্-১-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসান বলেন, বিলাঞ্চলে বৈদ্যুতিক তারের সঙ্গে আর একটিও যেন দুর্ঘটনা না ঘটে সে কারণে নৌযান চালকদের সতর্ক করার লক্ষ্যে নিয়মিত মাইকিং, জনগুরুত্বপূর্ণ দৃশ্যমান স্থান সমূহে সতর্কীকরণ সাইনবোর্ড ও লাল কাপড় টানানোর পাশাপাশি মাঝিদের সঙ্গে বৈঠক করে সতর্ক করা হয়েছে।