স্টাফ রিপোর্টার, রংপুর
প্রায় ১৫০ বছর বয়সি একটি পাইকড় গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। স্থানীয়রা প্রাণে বেঁচে গেলেও গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেছে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। গাছটি এখনো অপসারণ না করায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। ৫ জুলাই সকালে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে এ ঘটনাটি ঘটে। ঐ বাজারের হোটেল ব্যবসায়ী মানিক ও রুবেল জানান, আল্লাহর রহমতে বেঁচে গেছি, আমরা রবিবার সকালে নাস্তা তৈরি করছিলাম। এমন সময় গাছটি আস্তে আস্তে আমার দোকানের ওপর উপড়ে পড়ে যায়। দোকানের কাস্টমারসহ আমরা দ্রুত বেরিয়ে যাই। এ সময় হোসাইন আহমেদ নাছিমের ঘরের ওপর গাছটি পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাট ইজারাদার খায়ের ও আব্দুল হাকিম গং জানান, বট ও পাইকড়সহ ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন করা হয়েছে। ব্যবসায়ীসহ হাট ইজারাদারের দাবি বড় ধরনের বিপদ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।’
পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খান জানান, ‘শালমারা হোটেলসহ বিভিন্ন হাটে অবস্থিত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ জরুরি। উপড়ে পড়া গাছটি কাটা শুরু হয়েছে। কাজ শেষ হতে আরো সাত থেকে আট দিন সময় লাগতে পারে।’