ফাউন্ডেশনের লোগো নির্বাচন করলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

আর্তমানবতার সেবায় নিজের নামে ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। ফাউন্ডেশনের লোগো তৈরির কার্যক্রমে ভক্তদের সম্পৃক্ত করেছেন তিনি। তার লোগো বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। গতকাল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছেন মুশফিক এবং ভক্তদের পাঠানো লোগো থেকে নিজের ফাউন্ডেশনের লোগো নির্বাচন করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সেরা লোগো ডিজাইনার মনোনীত হয়েছেন ইয়াসিন সিদ্দিক আসিফ। লোগোতে লাল-সবুজের মিশেলে এম আর ১৫ লেখা আছে এবং লোগোর মাঝে ব্যাট হাতে মুশফিকের উদ্যাপনের ছবি শোভা পাচ্ছে। ইয়াসিন সিদ্দিক আসিফের লোগোটিই মুশফিকের ফাউন্ডেশনের পরিচয় বহন করবে।

গতকাল নিজের ফেসবুক পেজে লোগো সম্পর্কিত এসব তথ্য জানিয়েছেন মুশফিক। ইয়াসিন সিদ্দিক আসিফ ছাড়াও লোগো প্রতিযোগিতার সেরা পাঁচ ডিজাইনাররা হলেন—আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্ণা সাজ্জাদ সুইট।

আগের প্রতিশ্রুতি অনুযায়ী, এই শীর্ষ পাঁচ লোগো ডিজাইনারকে নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিনার করবেন মুশফিক এবং সেরা ডিজাইনার মুশফিকের অটোগ্রাফ সংবলিত একটি জার্সিও পুরস্কার পাবেন।

ফেসবুক পেজে গতকাল মুশফিক লিখেছেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমত্কার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা অংশ নিয়েছেন, সবাই আমার চোখে জয়ী। যে পাঁচ জন প্রতিযোগীর লোগো নির্বাচিত হয়েছে, তাদের সবার সঙ্গে আমি শিগিগরই যোগাযোগ করব কবে ও কীভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায়, তা জানানোর জন্য।’