গত বছরের চেয়ে ৬৮ শতাংশ বেড়েছে
ইত্তেফাক রিপোর্ট
প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ বাজেট ঘোষণা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২০-২১ অর্থবছরে গত অর্থবছরের চেয়ে ৬৮ দশমিক ৪৪ শতাংশ অর্থ বাড়িয়ে বাজেট ধরা হয়েছে ৬ হাজার ১১৬ কোটি ৫৯ লাখ টাকা। যা গত অর্থবছরের চেয়ে ২ হাজার ৪৮৫ কোটি ১৯ লাখ টাকা বেশি। গত ২০১৯-২০ অর্থবছরে সংস্থাটি ৩ হাজার ৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল। পরে সংশোধিত বাজেট দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর আগের বছর ২০১৮-১৯ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। ঐ বছর সংশোধিত বাজেট ছিল প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি গত মঙ্গলবার করপোরেশনের দ্বিতীয় সভায় কাউন্সিলররা সম্মতি দিয়েছেন। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, আমরা ৬ হাজার কোটি টাকার বেশি বাজেট চূড়ান্ত করেছি। তার মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। কয়েক দিনের মধ্যে আমাদের মেয়র এই বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন।
এবারের তৈরিকৃত বাজেট বিশ্লেষণে দেখা যায়, বাজেটে আয়ের অন্যতম খাত ধরা হয়েছে—সরকারি ও বৈদেশিক উত্স থেকে। এ খাতে আয় ধরা হয়েছে ৪ হাজার ৯১৫ কোটি ৫৭ লাখ টাকা। যা গত অর্থবছর ছিল ২ হাজার ৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা। আর সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৬ কোটি ২ লাখ টাকা। যা গত অর্থবছর ছিল ৯৭২ কোটি ৮০ লাখ টাকা। আর অন্যান্য আয় ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। যা গত অর্থবছরে ছিল ৭ কোটি ৬৭ লাখ টাকা। এটি সংশোধিত বাজেটে এসে দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। এবার বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি ৮৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৪ লাখ টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১০ কোটি ৯২ লাখ টাকা।