গাজীপুরে ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, শিবচরে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর থেকে ভাড়াটিয়া সেজে শিশু অপহরণের দুই দিন পর মাদরীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুটি গাজীপুর সিটি করপোরেশনের গাছা মধ্যপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৫)। শুক্রবার সকালে মেট্রোপলিটন গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

অপহূত শিশুটির মা সাজেদা আক্তার জানান, স্বামী আব্দুল কাদের গ্রিস প্রবাসী হওয়ায় ছেলে আব্দুল্লাকে নিয়ে ঘরে তিনি একাই থাকতেন। বাড়িতে কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিল। গত ৭ জুলাই মঙ্গলবার দুপুরে এক অজ্ঞাত মহিলা ঘর ভাড়া নেওয়ার জন্য আসে। পরে ২ হাজার টাকায় সে ঘরটি ভাড়া নেয়। পরের দিন বুধবার দুপুর ১২টার দিকে ঐ অজ্ঞাত ভাড়াটিয়া মহিলা সাজেদার ছেলে আব্দুল্লাকে কোলে নিয়ে কিছু কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। যথা সময়ে অজ্ঞাত ঐ মহিলা ছেলেকে নিয়ে বাসায় না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিকটিমের মা সাজেদার মোবাইলে একটি ফোন আসে। ফোনে অজ্ঞাত ঐ মহিলা শিশু আব্দুল্লাহকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে। অপহরণের বিষয়টি পুলিশকে জানালে শিশু আব্দুল্লাহকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মালেক খসরু খান জানান, অপহরণের ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শিশুটিসহ অপহরণকারীরা মাদারীপুর জেলায় অবস্থান করছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচর এলাকায় এসআই উদয়ন বিকাশ বড়ুয়া, এএসআই তরুণ কুমার দাস, এএসআই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় শিশু আব্দুল্লার মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।