চাকরির নামে প্রতারণা
বিশেষ প্রতিনিধি
ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামের একটি অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার তিন জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর চার জনকে আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। গতকাল শুক্রবার পুলিশ এই সাত জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী তাদের পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। অন্য দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি ইসমাইলের দুই দিন ও মোসলেম উদ্দিন ওরফে রানা এবং জালাল উদ্দিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দিকে শরিফ হোসেন, শবনম আক্তার, সুমাইয়া আক্তার রিভা ও বিথী আক্তারের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার ঢাকার কদমতলী থানার ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১-র সদস্যরা ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামের একটি অফিস থেকে প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করত এ চক্রটি। ওই অফিস থেকে চাকরিপ্রত্যাশী ৬০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়।