আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপির মরদেহ ব্যাংকক থেকে দেশে আনা হচ্ছে। মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে ব্যাংকক থেকে রওনা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় ফ্লাইটটি দেশে পৌঁছানোর কথা। আজ শনিবার দুপুরে বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা সাহারা খাতুন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে মারা যান। চিরকুমারী সাহারা খাতুন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর।
সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় তিনি বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশের জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি আওয়ামী লীগের কঠিন সময়ে দলের পরীক্ষিত একজন নেতা ছিলেন।
এছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক প্রকাশ করে বলেন, সাহারা খাতুন ছিলেন সত্ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। শোক প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দল ও দেশের জন্য নিজেকে ‘শতভাগ উত্সর্গ’ করেছিলেন বলেই তিনি এক জন ‘আদর্শবান রাজনীতিবিদ’ এবং ‘জনগণের নেত্রী’ হয়ে উঠতে পেরেছিলেন।
জেপির শোক
সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, সাহারা খাতুন ছিলেন একজন ত্যাগী আওয়ামী লীগ নেত্রী, যিনি গত ৫ দশকেরও বেশি সময় ধরে দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার মৃত্যুতে দেশ এক জন খাঁটি দেশপ্রেমিক, আদর্শবাদী ও ত্যাগী রাজনৈতিক নেত্রীকে হারাল।
বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া
অ্যাডভোকেট সাহারা খাতুনসহ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব নেতাকর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ মহানগরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে যারা অসুস্থ আছেন মহান আল্লাহর কাছে তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।