সাহেদের সহযোগী তরিকুল রিমান্ডে

করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগের মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজী। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে তারেক শিবলীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার ভোরে তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে এ মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হলো। যাদের মধ্যে সাত জনের পাঁচ দিন করে রিমান্ড এবং এক জনকে কিশোর হওয়ায় তাকে সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র্যাব। হাসপাতালের মালিক সাহেদসহ ১৭ জনকে আসামি করে দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিত্সার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে সেখান থেকে আট জনকে আটক করে র্যাব হেফাজতে নেওয়া হয়।