কুমিল্লায় দিনদুপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার তিন ভাইয়ের হামলায় আক্তার হোসেন নামে এক নির্মাণসামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ঐ ব্যবসায়ীর ভাইসহ অন্তত পাঁচ জন আহত হন। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে চাঙ্গিনী মোড় এলাকায় কাউন্সিলরের বাড়ির পাশে মসজিদের সামনে শত শত লোকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ঐ ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলালের বড় ভাই ও চাঙ্গিনী এলাকার মরহুম আলী হোসেনের ছেলে। এ ঘটনায় কাউন্সিলরের তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের (৬০) পরিবার এবং কাউন্সিলর আলমগীর হোসেন পাশাপাশি বাড়ির বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ঐ দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে নিহতের ছোট ভাই যুবলীগ নেতা আলাল ও কাউন্সিলর আলমগীরের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।

হামলায় আহত যুবলীগ নেতা আলাল জানান, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে এলাকায় ঘুড়ি উত্সবের আয়োজন করেছিলাম। ঘুড়ি উত্সবে আমন্ত্রণ না পেয়ে এবং পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর আলমগীর হোসেন ও তার তিন ভাইসহ তাদের লোকজন লোহার রড ও লাঠি নিয়ে জুমার নামাজ শেষে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমরা দৌঁড়ে মসজিদের সামনে গেলে সেখানেও আমাকে (আলাল) ও আমার বড় ভাই আক্তার হোসেনের ওপর আবারও হামলা করে। স্থানীয়রা আহত অবস্থায় আমাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার             পর ডাক্তার আমার ভাই আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।’

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ‘ঐ ব্যবসায়ীর মৃত্যুর খবরে উভয় গ্রুপে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে কাউন্সিলর পলাতক রয়েছেন। তবে তার ভাই আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন ও বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

অপরদিকে জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, শুক্রবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের খাটেরা গ্রামের জনৈক খলিলুর রহমানের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।