এক দিনে রেকর্ড সংক্রমণ বিশ্বে দুই লাখ ২৮ হাজারের বেশি

বিশ্বে করোনা ভাইরাসে এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়ই সবচেয়ে মানুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদিকে  ঘরে ঘরে গিয়ে পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য। খবর বিবিসি ও রয়টার্সের

রেকর্ড সংক্রমণ বিশ্ব জুড়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার জানিয়েছে, ২৪ ঘন্টায় বিশ্ব জুড়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা দুই লাখ ২৮ হাজার ১০২ জন। আর মারা গেছে ৫ হাজারের মতো মানুষ। এর আগে ৪ জুলাই সংক্রমিত মানুষের সর্বোচ্চ সংখ্যা ছিল দুই লাখ ১২ হাজার ৩২৬ জন। গতকাল আক্রান্তের মধ্যে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৫০০ এবং ভারতে ২৬ হাজার ৫০৬ জন। দুই দেশেই এটা রেকর্ড সংক্রমণের ঘটনা।  বিশ্বে মোট আক্রান্ত এক কোটি ২০ লাখ এবং মৃতের সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, অনেক রাজ্য খুব দ্রুত খুলে দেওয়ায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ বাড়তে থাকায় জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়ানো হচ্ছে। ইতালিতে একসময় মারাত্মক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। সেখানে গতকাল পর্যন্ত ২ লাখ ৪২ হাজার আক্রান্ত এবং মারা গেছে প্রায় ৩৫ হাজার মানুষ। হংকংয়ে স্থানীয় পর্যায়ে সংক্রমণ বাড়ায় নতুন করে গোষ্ঠীগত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার থেকে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বলিভিয়ার অন্তর্বর্তকালীন প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজের বৃহস্পতিবার টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাজ্যে ঘরে ঘরে পরীক্ষা

দেশটির লেসিস্টার শহরে সম্প্রতি করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েই চলছে। এজন্য করোনা ভাইরাসে কত মানুষ আক্রান্ত তা জানতে শহর কর্তৃপক্ষ ঘরে ঘরে গিয়ে পরীক্ষা শুরু করেছে। এমনকি যাদের উপসর্গ নেই তাদেরও পরীক্ষা করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য বিভাগ এবং স্বেচ্ছাসেবীরা কিট নিয়ে মানুষের ঘরে যাচ্ছেন। সংক্রমণ বাড়ায় গত ২৯ জুন শহরে লকডাউন জারি করা হয়। যুক্তরাজ্যে ২ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং মারা গেছে প্রায় ৪৫ হাজার।