রাজধানীর মিরপুর পশ্চিম মনিপুরে সুয়্যারেজ লাইন থেকে সিয়াম শেখ (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই রাকিবকে (১৯) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মিরপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নড়াইল কালিয়া উপজেলার আবুল বাশারের ছেলে সিয়াম। পরিবারের সাথে পশ্চিম মনিপুরের ১৮৭/এ নম্বর বাসায় থাকতো। মিরপুর মডেল থানার এসআই মো. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার থেকে সিয়াম নিখোঁজ থাকায় তার বাবা আবুল বাশার থানায় শুক্রবার সকালে জিডি করেন। সিয়ামের চাচাতো ভাই রাকিবকে সন্দেহ হলে তাকে আটক করি। পরে তার স্বীকারোক্ত অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ওই বাসার পিছনে সুয়ারেজ লাইন থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে যে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাকিব সিয়ামকে দোকান থেকে একটি সিগারেট আনতে পাঠায়। সিগারেট আনার সময় সিয়াম সিগারেটে একটি টান দেয়। এতে রাগ হয়ে রাকিব তার পিঠে একটি ঘুষি দেয়। তখন সিয়াম দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে পরে রাকিব তার ঘাড় মটকে হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য রাকিব সিয়ামের মৃতদেহটি বাসার পিছনে সুয়ারেজ লাইনে ফেলে দেয়।