গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের কাশিমালা এলাকায় কৃষি জমি নষ্ট করে তার ওপর ব্রিজ নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও সেখানে উপযোগী কোনো সড়ক নেই। সেতুর আশ-পাশের প্রায় এক কি.মিটারের মধ্যে তেমন কোনো জনবসতিও নেই। রয়েছে শুধুই কৃষি জমি।
ক্ষতির শিকার কৃষি জমির মালিক খাইরুল আলম অভিযোগ করেন, ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এলাকাবাসীর কোনো উপকারে আসবে না। এখানকার ফসলি জমিতে কৃষকরা শুধু চাষাবাদ করে। মানুষের যাতায়াতও কম থাকায় ব্রিজটি গুরুত্ব হারাচ্ছে। তিনি জানান, উপজেলার কাশিমালা এলাকায় ব্রিজের কোনো প্রয়োজন নেই। অথচ সরকারি রাস্তা বাদ দিয়ে ফসলি জমির উপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্যক্তিমালিকানার ফসলি জমির জায়গায় ব্রিজ নির্মাণ করায় এক বিঘা ফসলি জমি নষ্ট হবে। এছাড়াও বর্ষা মৌসুমে ব্রিজের দুই মুখে ২০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকবে। তিনি ব্রিজ নির্মাণ বন্ধ রাখতে গত ২৩ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার বলেন, স্থান নির্ধারণ করে উপজেলা পরিষদে ব্রিজ নির্মাণের চাহিদা দিয়েছিল ইউপি চেয়ারম্যান। কিন্তু অভিযোগ পাওয়ার পর ব্রিজের কাজ বন্ধ রয়েছে। সার্ভেয়ার দিয়ে মাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতার বলেন, অভিযোগের বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।