গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩৩

গোপালগঞ্জে  গত ২৪ ঘণ্টায়  নতুন করে  আরও ৩৩  জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮০ জন ।  গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৬ জন।

শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্যগুলো  জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১২ জন, মুকসুদপুরে তিনজন, কোটালীপাড়ায় দুইজন, কাশিয়ানীতে আটজন ও টুঙ্গিপাড়ায় আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬০৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৯৭ জন, কাশিয়ানীতে ১৮৩ জন, গোপালগঞ্জ সদরে ২৯০ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৪৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৭৮ জন।

ইত্তেফাক/এসি