পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন নান্দনিক ও সৃজনশীল উদ্যোগ নিয়েছেন। তিনি বিদ্যালয়ের সামনে একটি পত্রিকা কর্নার করেছেন। যা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪৬ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ের লেখাপড়ার সুনাম দীর্ঘদিনের হলেও শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য শিক্ষা কিংবা জ্ঞান লাভের জন্য তেমন ব্যবস্থা ছিল না। ২০১৮ সালের ২২ মার্চ প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন মিলিজিয়াসমিন। এই বিদ্যালয়ে যোগদানের পর তিনি নানা ধরনের উদ্যোগ নেন। এছাড়া অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়তি জ্ঞান লাভ ও বিনোদনের জন্য সৃজনশীল বিকাশের উন্মেষ হিসাবে দুটি দেয়ালিখা প্রকাশ ও বিদ্যালয়ের সামনে একটি পত্রিকা কর্নার করেছেন। কর্নারে প্রতিদিন সকালে দুটি পত্রিকা এপিঠ-ওপিঠ করে লাগিয়ে রাখেন। এরপর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সময় পেলেই পত্রিকা পড়ার জন্য পত্রিকা কর্নারে ছুটে যান।
অভিভাবক শ্রাবণী ইয়াসমিন জানান, বাচ্চারা স্কুলে প্রবেশ করার পর সচরাচর আমরা যারা মায়েরা আমাদেরকে বিদ্যালয়ের আশ-পাশে অলস সময় কাটাতে হয়। পত্রিকা কর্নারটি করার পর পত্রিকা পড়ার মাধ্যমে একদিকে সময়ও চলে যায়, অপরদিকে এর মাধ্যমে পুষ্টি গুণাগুণ ও চিত্র বিনোদনসহ নানা খবর জানতে পারি।