নকলায় ঘোড় দৌড় প্রতিযোগিতা

নকলা (শেরপুর) সংবাদদাতা

নকলা উপজেলার কবুতরমারী গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে এক আকর্ষণীয় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐ এলাকার বঙ্গবন্ধু আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ঘোড় দৌড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০জন ঘোড় সাওয়ার এ প্রতিযোগিতায় অংশ নেন। কদম ও দাপট দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দাপট গ্রুপে দক্ষিণবঙ্গের নওগাঁ জেলার দ্য হর্স গার্ল খ্যাত তাসমিনা আক্তার চ্যম্পিয়ন ও কদম দৌড়ে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভিক্ষু মিয়া নামে একজন ঘোড় সাওয়ারী চ্যম্পিয়নশিপ অর্জন করে। শীতের বিকেলে কবুতরমারী গ্রামের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ দর্শক হিসেবে আনন্দ উপভোগ ও করতালিতে মাতিয়ে উঠে। বিজয়ীদেরকে পুরস্কার প্রদান অনুুষ্ঠানে নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও বানেশ্বরদী ইউপি চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।