বরিশাল অফিস
সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন পালিত হয়। কলেজের সাবেক শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই মানববন্ধনে অংশ নিয়ে কলেজের নাম পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদ জানান। কলেজের ছাত্র বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার অনিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সাবেক এজিএস ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা প্রভাবের আগে কলেজের নাম পরিবর্তনের একটি প্রস্তাব স্থানীয় সুশীল সমাজ-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের দাবির প্রেক্ষিতে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।