মিরসরাই ট্র্যাজেডির নবম বর্ষপূর্তি সীমিত পরিসরে পালিত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই ট্র্যাজেডির ৯ম বর্ষপূর্তি শনিবার সীমিত আকারে পালিত হয়। ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী ইউনিয়নের আবু তোরাব এলাকায় স্কুলছাত্র বহনকারী মিনি ট্রাক খাদে পড়ে ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়।

সড়ক দুর্ঘটনার ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার সকালে নিহত শিক্ষার্থীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ ও ‘আবেগ’-এর স্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাদের আত্মার শান্তি কামনায় স্থানীয় আবু তোরাব জামে মসজিদে দোয়া মাহফিল ও আবুতোরাব জগন্নাথ ধামে প্রার্থনা করা হয়।

এ ব্যাপারে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী জানান, প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে শোকাবহ এ দিনটি পালিত হয়। এবার করোনা ভাইরাসের কারণে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়নি। সীমিত পরিসরে নিহত শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানো হয়েছে।