স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের পীরগাছা উপজেলায় খলিলুর হত্যা মামলার প্রধান আসামি এন্তাজ আলীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
র্যাব-১৩, রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, র্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার রাতে রংপুর জেলার মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় পীরগাছা থানার হত্যা মামলার প্রধান আসামি মো. এন্তাজ আলীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, নিহত খলিলুর এবং গ্রেফতারকৃত আসামি এন্তাজ আলী আপন দুই ভাই। পারিবারিক বিরোধের জেরে গত ৭ জুলাই রাতে মো. এন্তাজ আলীসহ অন্য আসামিরা মামলার বাদীর পরিবারের সঙ্গে বিবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে খলিলুরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। আহত খলিলুরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার মারা যান। পরবর্তীতে নিহতের স্ত্রী মোছা. ছকিনা বেগম পীরগাছা থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত এন্তাজকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।