কালীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসই পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থল থেকে দিনা নাজনীন (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউনিয়নের পিপুলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দিনা নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় বাদশা পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে ভৈরবগামী (ঢাকা মোট্রো-ব-১১-৪৭৩৪) বাসটি সড়কের উত্তর পার্শ্বে খাদে ও ভৈরব থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-১৪-৪৬১৯) বাসটি সড়কের দক্ষিণ পার্শ্বে পানিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি আরো জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করেন।