ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরা থেকে পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় নাছির নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত ভুয়া ওয়াকিটকি, পুলিশের পোশাক পরিহিত এক কপি ছবি ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত শুক্রবার সকালে আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, নাছিরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার আড়ুয়াকান্দিতে। থাকতেন আশুলিয়া থানার খেজুরবাগানে।
উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মনিরুল হক ডাবলু জানান, রুয়েল নামে এক ব্যক্তি উত্তরা-৪নং সেক্টরের একটি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। তিনি নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ডাক দেন নাছির। পরে তার হাতে থাকা ওয়াকিটকি ও পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রুয়েলের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এগিয়ে আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়ে বললে তারা সবাই নাছিরকে ছিনতাইকারী বলে ধাওয়া দেয়। দৌড়ে পালানোর সময় আজমপুর মোড়ে ডিউটিরত উত্তরা পূর্ব থানা পুলিশ নাছিরকে গ্রেফতার করে।