‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা যাবে ভিসা ও মাস্টারকার্ড থেকে

ভিসা ও মাস্টারকার্ড থেকে এখন খুব সহজেই কোনো ধরনের চার্জ ছাড়াই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা যাবে। ‘নগদ’-এর অ্যাড মানি সেবার মাধ্যমে গ্রাহকেরা দেশের যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড থেকে মুহূর্তেই তাদের নিজের ও অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন। শুক্রবার এক ওয়েবিনারের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা কার্ডের বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) সৌম্য বসু অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি