এনসিসি ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এনসিসি ব্যাংক লি. ১৭ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক) ঘোষণা করেছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদান করবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, অন্য পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহউদ্দীন আহমেদ এ ভার্চুয়াল সভায় অংশ নেন। আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে এককভাবে এনসিসি ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২১ টাকা ২ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ১৯ টাকা ১৯ পয়সা। আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য ১০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি