নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বিশেষ প্রতিনিধি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এর কার্যক্রম শুরু করে নার্সিং অধিদপ্তর। নার্সদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নার্সিং সংগঠন। এ ব্যাপারে বিএনএর (কেন্দ্রীয় কমিটি) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের নিজস্ব একটি ঠিকানা (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবন) করে দিয়েছেন। এজন্য নার্সদের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’

আওয়ামীপন্থি নার্স নেতা, বঙ্গবন্ধু নার্সেস পরিষদের সভাপতি ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী বলেন, এই দেশে নার্সদের উন্নয়নে কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি। নার্সদের কষ্ট লাঘবে তিনি আমাদের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবনের ব্যবস্থা করে দিয়েছেন। নার্সদের উন্নয়নে এই প্রথম বারের মতো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অনুকূলে ২১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছেন। বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টার ফলে এই অধিদপ্তর একটি নার্সবান্ধব অধিদপ্তরে রূপান্তরিত হওয়ায় ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এই নেতা।

বিএনএর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা অপর এক বার্তায় বলেন, বাংলাদেশের নার্সিং সেক্টরে সব উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশের নার্সদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবন নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যদিকে অপর এক বার্তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-বিএনএর নির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, আমরা সব নার্সিং কর্মকর্তা প্রধানমন্ত্রীর এই উপহার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিজস্ব ভবন পেয়ে অত্যন্ত খুশি।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার (অতিরিক্ত সচিব) নার্সদের দুঃখ, দুর্দশা লাগবে কাজ করে যাচ্ছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল  হাই (পিএএ) বর্তমানে নার্সদের দুর্ভোগ বহুলাংশে কমিয়ে আনার জন্য চেষ্টা করছেন।